অগ্নিবীণা

উৎসর্গ

গ্রন্থপরিচয়

কাজী নজরুল ইসলাম

‘উৎসর্গ’ গানটি ‘অগ্নি-ঋষি’ শিরোনামে ১৩২৮ বঙ্গাব্দের শ্রাবণের ‘উপাসনা’য় প্রকাশিত হয়েছিল। শিরোনামের নীচে লেখা ছিল : ‘লক-কামোদ-ঝাঁপতাল’। ‘সুরের ব্যথায় প্রাণ উদাসী’ চরণের ‘প্রাণ’ স্থানে ‘উপাসনা’য় ছাপা হয়েছিল ‘জান্’।

বাঙলার অগ্নি-যুগের আদি পুরোহিত, সাগ্নিক বীর

শ্রীবারীন্দ্রকুমার ঘোষ

শ্রীশ্রীচরণারবিন্দেষু

 

অগ্নি-ঋষি! অগ্নিবীণা তোমায় শুধু সাজে।

তাই তো তোমার বহ্নিরাগেও বেদনবেহাগ বাজে।

 

দহনবনের গহনচারী —

হায় ঋষি — কোন্ বংশীধারী

নিঙড়ে আগুন আনলে বারি

অগ্নিমরুর মাঝে।

সর্বনাশা কোন্ বাঁশি সে বুঝতে পারি না যে।

 

দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হানছিলে বৈশাখে,

হঠাৎ সে কার শুনলে বেণু কদম্বের ওই শাখে।

বজ্রে তোমার বাজল বাঁশি,

বহ্নি হল কান্নাহাসি,

সুরের ব্যথায় প্রাণ উদাসী —

মন সরে না কাজে।

তোমার নয়নঝুরা অগ্নিসুরেও রক্তশিখা রাজে।

 

তোমার অগ্নি-পূজারি

স্নেহ-মহিমান্বিত শিষ্য — কাজী নজরুল ইসলাম