ভাঙার গান

ভাঙার গান

[গান]

কাজী নজরুল ইসলাম

১

কারার ওই লৌহ-কবাট

ভেঙে ফেল কর রে লোপাট

রক্তজমাট

শিকল-পুজোর পাষাণবেদী!

ওরে ও তরুণ ঈশান!

বাজা তোর প্রলয়-বিষাণ!

ধ্বংসনিশান

উড়ুক প্রাচী-র প্রাচীর ভেদি।

২

গাজনের বাজনা বাজা

কে মালিক? কে সে রাজা?

কে দেয় সাজা

মুক্ত স্বাধীন সত্যকে রে?

হা হা হা পায় যে হাসি

ভগবান পরবে ফাঁসি?

সর্বনাশী

শিখায় এ হীন তথ্য কে রে?

৩

ওরে ও পাগলা ভোলা!

দে রে দে প্রলয়-দোলা

গারদগুলা

জোরসে ধরে হ্যাঁচকা টানে!

মার হাঁক হইদরি হাঁক

কাঁধে নে দুন্দুভি ঢাক

ডাক ওরে ডাক

মৃত্যুকে ডাক জীবন পানে!

৪

নাচে ওই কালবোশেখী,

কাটাবি কাল বসে কি?

দে রে দেখি

ভীম কারার ওই ভিত্তি নাড়ি

লাথি মার ভাঙ রে তালা!

যত সব বন্দিশালায়

আগুন জ্বালা,

আগুন জ্বালা, ফেল উপাড়ি।