ছায়ানট

অনাদৃতা

কাজী নজরুল ইসলাম

ওরেঅভিমানিনী!

এমন করে বিদায় নিবি ভুলেও জানিনি।

পথ ভুলে তুই আমার ঘরে দু-দিন এসেছিলি,

সকল সহা! সকল সয়ে কেবল হেসেছিলি।

হেলায় বিদায় দিনু যারে

ভেবেছিনু ভুলব তারে হায়!

ভোলা কি তা যায়?

ওরে

হারা-মণি! এখন কাঁদি দিবস-যামিনী।

অভাগীরে! হাসতে এসে কাঁদিয়ে গেলি,

নিজেও শেষে বিদায় নিলি কেঁদে,

ব্যথা দেওয়ার ছলে নিজেই সইলি ব্যথা রে,

বুকে

সেই কথাটাই কাঁটার মতন বেঁধে!

যাবার দিনে গোপন ব্যথা বিদায়-বাঁশির সুরে

কইতে গিয়ে উঠল দু-চোখ নয়নজলে পুরে!

না কওয়া তোর সেই সে বাণী,

সেই হাসিগান সেই মু-খানি, হায়!

আজওখুঁজি সকল ঠাঁই।

তোরে

যাবার দিনে কেঁদে কেন ফিরিয়ে আনিনি?

ওরেঅভিমানিনী।

দৌলতপুর, কুমিল্লা
বৈশাখ ১৩২৮

অনাদৃতা ❀ ছায়ানট ❀ নজরুল রচনাবলী