দোলন-চাঁপা

দোদুল দুল

কাজী নজরুল ইসলাম

(আরবি ‘মোতাকারিব্’ ছন্দ)

দোদুল দুল্

দোদুল দুল্।

বেণির বাঁধ

আলগ্-ছাঁদ,

আলগ্-ছাঁদ

খোঁপার ফুল,

কানের দুল

খোঁপার ফুল

দোদুল দুল্

দোদুল দুল্!

অলক-ছায়

কপোল ছায়,

পরশ চায়

অলস চুল

বিনুন্-বিন্

কেশের উল

দোদুল দুল্!

দোদুল দুল্!

অসম্বৃত্

কাঁখের ভিত

অসম্বৃত্

পিঠের চুল,

লোহিত পীত

নোলক দুল

দোদুল দুল্

দোদুল দুল্!

সোহাগ্-ঘায়

দোলন্-গায়

কাঁপন খায়

আপন পায়,

পায়ের নখ

মাথার চুল

দোদুল দুল্

দোদুল দুল্!

পরাগ-ফাগ

ছড়ায় আজ

শিরাজ-বাগ

ইরান-গুল,

দোলন্-দোল

দে বুল্‌বুল্,

দোদুল দুল্

দোদুল দুল্!

কাঁকন চায়

নাচন্ ফিন্

রিমিক ঝিম

ঝিমিক ঝিম!

আঁচল-বীণ

চাবির রিং

বুলায় নিঁদ

ঢুলায় ঢুল্

দোদুল দুল্

দোদুল দুল্!

নিশাস-রেশ

কাঁপায় বেশ

মোতিয়া হার

হিয়ার দেশ,

কাঁপায় শেষ

প্রাণের কূল

দোদুল দুল্

দোদুল দুল্!

বুকের কোল

আদর ঘায়

দোলায় দোল্,

দোলায় দোল্

শরম-লোল

মরম-মূল

দোদুল দুল্

দোদুল দুল্!

কলস্-কাঁখ

পুকুর যায়,

আঁচল চায়

চুমায় ধুল

দখিন্ হাত

ঝুলন্ ঝুল্

দোদুল দুল্

দোদুল দুল্!

কাঁকাল ক্ষীণ

মরাল গ্রীব

ভুলায় জড়্–

ভুলায় জীব,

গমন-দোল্

অতুল তুল্

দোদুল দুল্

দোদুল দুল্!

হাসির ভাস,

ব্যথার শ্বাস,

চপল চোখ,

আঁখির লাস,

নয়ন-নীর

অধর-ফুল

রাতুল তুল

রাতুল তুল

দোদুল দুল্

দোদুল দুল্!

মৃণাল-হাত

নয়ন-পাত

গালের টোল,

চিবুক দোল

সকল কাজ

করায় ভুল,

প্রিয়ার মোর

কোথায় তুল?

কোথায় তুল

কোথায় তুল?

স্বরূপ তার

অতুল তুল,

রাতুল তুল

কোথায় তুল

দোদুল দুল

দোদুল দুল!!