পূবের হাওয়া

বাদল-প্রাতের শরাব

নিকটে

কাজী নজরুল ইসলাম

বাদল-কালো স্নিগ্ধা আমার কান্তা এল রিমঝিমিয়ে,

বৃষ্টিতে তার বাজল নূপুর পায়জোরেরই শিঞ্জিনী যে।

ফুটল ঊষার মুখটি অরুণ, ছাইল বাদল তাম্বু ধরায়;

জমল আসর বর্ষা-বাসর, লাও সাকি লাও ভর-পিয়ালায়।

ভিজল কুঁড়ির বক্ষ-পরাগ হিম্-শিশিরের আমেজ পেয়ে,

হম্‌দম! হরমদম দাও মদ্, মস্ত্ করো গজল গেয়ে!

ফেরদৌসের ঝরকা বেয়ে গুল-বাগিচায় চলছে হাওয়া,

এই তো রে ভাই ওক্ত খুশির, দ্রাক্ষারসে দিল্‌কে নাওয়া।

কুঞ্জে জরিন ফারসি ফরাস বিছিয়েছে আজ ফুলবালারা,

আজ চাই-ই চাই লাল্ শিরাজি স্বচ্ছ সরস খোর্মা-পারা!

মুক্তকেশী ঘোর নয়না আজ হবে গো কান্তা সাকি,

চুম্বন এবং মিষ্টি হাতের মদ পেতে তাই ভরসা রাখি।

কান্তা সাথে বাঁচতে জনম চাও যদি কওসর অমিয়,

সুর বেঁধে বীণ সারেঙ্গীতে খুব্‌সে শিরিন্ শরাব পিয়ো!

খুঁজবে যেদি সিকান্দারের বাঞ্চিত আব-হায়াত-কুঁয়ায়,

সন্ধান তার মিলবে আশেক দিল্-পিয়ারার ওষ্ঠ-চুমায়!

খাম্‌খা তুমি মরছ কাজী শুষ্ক তোমার শাস্ত্র ঘেঁটে,

মুক্তি পাবে মদখোরের এই আল-মিমিয়ার পাত্র চেটে![১]

টিকা ও মন্তব্য

  1. ১.↑
    বাঙলা একাডেমির নজরুল রচনাবলীতে কবিতাটি পত্রিকায় প্রকাশিত শিরোনাম ‘বাদল-প্রাতের শরাব’ শিরোনামে গ্রন্থিত হয়েছে, কোন কোন সংস্করণে কবিতার নাম ‘নিকটে’।
বাদল-প্রাতের শরাব ❀ পূবের হাওয়া ❀ নজরুল রচনাবলী