পূবের হাওয়া

বিজয়িনী

কাজী নজরুল ইসলাম

হে মোর

রাণী! তোমার কাছে হার মানি আজ শেষে।

আমার

বিজয়-কেতন লুটায় তোমার চরণ-তলে এসে।

আমার

সমর-জয়ী অমর তরবারী

ক্লান্তি আনে দিনে দিনে, হয়ে ওঠে ভারী,

এখন

এ ভার আমার তোমায় দিয়ে হারি,

এই

হার-মানা-হার পরাই তোমার কেশে॥

ওগো দেবী!

আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল,

আজ

বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল!

আজ

বিদ্রোহীর এই রক্ত-রথের চূড়ে,

বিজয়িনী! নীলাম্বরীর আঁচল তোমার উড়ে,

যত

তূণ আমার আজ তোমার মালায় পূরে,

আমি

বিজয়ী আজ নয়ন-জলে ভেসে॥

বিজয়িনী ❀ পূবের হাওয়া ❀ নজরুল রচনাবলী