পূবের হাওয়া

স্নেহ-পরশ

কাজী নজরুল ইসলাম

আমি
এদেশ হতে বিদায় যেদিন নেব প্রিয়তম,
কাঁদবে এ বুক সঙ্গীহারা কপোতিনী সম–
তখন মুকুরপাশে একলা গেহে
আমারই এই সকল দেহে
চুমব আমি চুমব নিজেই অসীম স্নেহে গো!
আহা
পরশ তোমার জাগছে যে গো এই সে দেহে মম,
কম সরস-হরষ সম।
তখন তুমি নাইবা–প্রিয়–নাইবা রলে কাছে,
জানব আমার এই সে দেহে এই সে দেহে গো
তোমার বাহুর বুকের শরম-ছোঁয়ার আকুল কাঁপন আছে–
মদির অধীর পুলক নাচে!
তখন নাইবা আমার রইল মনে
কোন্‌খানে মোর দেহের বনে
জড়িয়েছিলে লতার মতন আলিঙ্গনে গো!
আমি
চুমোয় চুমোয় ডুবাব এই সকল দেহ মম–
ওগো শ্রাবণ-প্লাবন সম।