ছায়ানট

আশা

কাজী নজরুল ইসলাম

হয়ত তোমার পাব দেখা,

যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা॥

ঐ সুদূরের গাঁয়ের মাঠে,

আলের পথে বিজন ঘাটে;

হয়ত এসে মুচকি হেসে

ধরবে আমার হাতটি একা॥

ঐ নীলের ঐ গহন-পারে ঘোমটা-হারা তোমার চাওয়া,

আনলে খবর গোপন-দূতী দিক-পারের ঐ দখিনা হাওয়া।

বনের ফাঁকে দুষ্টু তুমি

আস্তে যাবে নয়্না চুমি,

সেই সে কথা লিখচে হোথা

দিগ্‌বলয়ের অরুণ-লেখা॥

বরিশাল
আশ্বিন ১৩২৭