ছায়ানট

প্রতিবেশিনী

কাজী নজরুল ইসলাম

আমার ঘরের পাশ দিয়ে সে চলত নিতুই সকাল-সাঁঝে।

আর এ পথে চলবে না সে সেই ব্যথা হায় বক্ষে বাজে॥

আমার দ্বারের কাছটিতে তার ফুটত লালী গালের টোলে,

টলত চরণ, চাউনি বিবশ কাঁপত নয়ন-পাতার কোলে–

কুঁড়ি যেমন প্রথম খোলো গো!

কেউ কখনও কইনি কথা,

কেবল নিবিড় নীরবতা

সুর বাজাত অনাহতা

গোপন মরম-বীণার মাঝে॥

মূক পথের আজ বুক ফেটে যায় স্মরি তারই পায়ের পরশ

বুক-খসা তার আঁচর-চুমু,

রঙিন ধুলো পাংশু হল, ঘাস শুকাল যেচে বাচাল

জোড়-পায়েলার রুমঝুমু!

আজও আমার কাটবে গো দিন রোজই যেমন কাটত বেলা,

একলা বসে শূন্য ঘরে– তেমনি ঘাটে ভাসবে ভেলা–

অবহেলা হেলাফেলায় গো!

শুধু সে আর তেমন করে

মন রবে না নেশায় ভরে

আসার আশায় সে কার তরে

সজাগ হয়ে সকল কাজে।

ডুকরে কাঁদে মন-কপোতী–

‘কোথায় সাথির কূজন বাজে?

সে পা-র ভাষা কোথায় রাজে?’

দেওঘর
মাঘ ১৩২৭

প্রতিবেশিনী ❀ ছায়ানট ❀ নজরুল রচনাবলী