ছায়ানট

পাহাড়ী গান

কাজী নজরুল ইসলাম

মোরা

ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল।

মোরা

বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল॥

মোরা

আকাশের মতো বাধাহীন,

মোরা

মরু-সঞ্চর বেদুইন,

মোরা

জানি নাকো রাজা রাজ-আইন,

মোরা

পরি না শাসন-উদূখল!

মোরা

বন্ধনহীন জন্মস্বাধীন, চিত্ত মুক্ত শতদল।

মোরা

সিন্ধু-জোয়ার কলকল

মোরা

পাগল-ঝোরার ঝরা-জল

কল-কলকল ছল-ছলছল কল-কলকল ছল-ছলছল॥

মোরা

দিল-খোলা খোলা প্রান্তর,

মোরা

শক্তি-অটল মহীধর,

মোরা

মুক্ত-পক্ষ নভ-চর,

মোরা

হাসি-গানসম উচ্ছল।

মোরা

বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বন-তল,

মোরা

প্রাণ দরিয়ার কল-কল,

মোরা

মুক্ত-ধারার ঝরা-জল

চল-চঞ্চল কল-কলকল ছল-ছলছল ছল-ছলছল॥

হুগলী
আষাঢ় ১৩৩১

পাহাড়ী গান ❀ ছায়ানট ❀ নজরুল রচনাবলী