ছায়ানট

অমর-কানন

কাজী নজরুল ইসলাম

অমর কানন[১]

মোদেরঅমর-কানন!

বন কে বলে রে ভাই, আমাদের তপোবন,

আমাদের তপোবন॥

এর

দক্ষিণে ‘শালী’ নদী কুলুকুলু বয়,

তার

কূলে কূলে শালবীথি ফুলে ফুলময়,

হেথা

ভেসে আসে জলে-ভেজা দখিনা মলয়,

হেথা

মহুয়ার মউ খেয়ে মন উচাটন॥

দূর প্রান্তর-ঘেরা আমাদের বাস,

দুধহাসি হাসে হেথা কচি দুব-ঘাস,

উপরে মায়ের মতো চাহিয়া আকাশ,

বেণু-বাজা মাঠে হেথা চরে ধেনুগণ॥

মোরা

নিজ হাতে মাটি কাটি, নিজে ধরি হাল,

সদা

খুশিভরা বুক হেথা হাসিভরা গাল,

মোরা

বাতাস করি গো ভেঙে হরিতকি-ডাল,

হেথা

শাখায় শাখায় শাখী, গানের মাতন॥

প্রহরী মোদের ভাই ‘পুরবী’ পাহাড়,

‘শুশুনিয়া’ আগুলিয়া পশ্চিমী দ্বার,

ওড়ে

উত্তরে উত্তরি কাননবিথার,

দূরে

ক্ষণে ক্ষণে হাতছানি দেয় তালী-বন॥

হেথা

খেত-ভরা ধান নিয়ে আসে অঘ্রান,

হেথা

প্রাণে ফোটে ফুল, হেথা ফুলে ফোটে প্রাণ,

ও রে

রাখাল সাজিয়া হেথা আসে ভগবান,

মোরা

নারায়ণ-সাথে খেলা খেলি অনুখন॥

মোরা

বটের ছায়ায় বসি করি গীতাপাঠ,

আমাদের পাঠশালা চাষি-ভরা মাঠ,

গাঁয়ে গাঁয়ে আমাদের মায়েদের হাট,

ঘরে ঘরে ভাইবোন বন্ধুস্বজন॥

গঙ্গাজলঘাটি, বাঁকুড়া
আষাঢ় ১৩৩২

টিকা ও মন্তব্য

  1. ১.↑
    বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটী জাতীয় বিদ্যালয়টি নদী, পাহাড়, বন ও মাঠ-ঘেরা একটি প্রান্তরে। এর নাম 'অমর কানন'। এই বিদ্যালয় অমর নামক একটি তরুণের তপস্যার ফল। সে আজ স্বর্গে। এই গানটি ঐ বিদ্যালয়ের ছেলেদের জন্য লিখিত।