ছায়ানট

পূবের হাওয়া

শার্দূল-বিক্রীড়িত ছন্দে

কাজী নজরুল ইসলাম

‘ঝড়’ কবিতার পশ্চিম-তরঙ্গ ‘বিষের বাঁশী’তে বেরিয়েছিল।

এসো মোর শ্যাম-সরসা

ঘনিমার হিঙুল-শোষা

বরষা প্রেম-হরষা

প্রিয়া মোর নিকষ-নীলা

শ্রাবণের কাজল গুলি

ওলো আয় রাঙিয়ে তুলি

সবুজের জীবন-তুলি,

মৃতে কর প্রাণ-রঙিলা॥

আমি ভাই পুবের হাওয়া

বাঁচনের নাচন-পাওয়া,

কারফায় কাজরি গাওয়া,

নটিনীর পা-ঝিনঝিন!

নাচি আর নাচনা শেখাই

পুরবের বাইজিকে ভাই,

ঘুমুরের তাল দিয়ে যাই –

এক দুই এক দুই তিন॥

বিল ঝিল তড়াগ পুকুর

পিয়ে নীর নীল কম্বুর

থইথই টইটম্বুর!

ধরা আজ পুষ্পবতী!

শুশুনির নিদ্রা শুষি

রূপসি ঘুম-উপোসি!

কদমের উদমো খুশি

দেখায় আজ শ্যাম যুবতি॥

হুরিরা দূর আকাশে

বরুণের গোলাব-পাশে

ধারা-জল ছিটিয়ে হাসে

বিজুলির ঝিলিমিলিতে!

অরুণ আর বরুণ রণে

মাতিল ঘোর স্বননে

আলো-ছায় গগন-বনে

‘শার্দূল বিক্রীড়িতে।’

*

(শার্দূল-বিক্রীড়িত ছন্দে)

উত্রাস ভীম

মেঘে কুচকাওয়াজ

চলিছে আজ,

সোন্মাদ সাগর

খায় রে দোল!

ইন্দ্রের রথ

বজ্রের কামান

টানে উজান

মেঘ-ঐরাবত

মদ-বিভোল।

যুদ্ধের রোল

বরুণের জাঁতায়

নিনাদে ঘোর,

বারীশ আর বাসব

বন্ধু আজ।

সূর্যের তেজ

দহে মেঘ-গরুড়

ধূম্র-চূড়,

রশ্মির ফলক

বিঁধিছে বাজ॥

বিশ্রাম-হীন

যুঝে তেজ-তপন

দিক-বারণ

শির-মদ-ধারায়

ধরা মগন!

অম্বর-মাঝ

চলে আলো-ছায়ায়

নীরব রণ

শার্দূল শিকার

খেলে যেমন।

রৌদ্রের শর

খরতর প্রখর

ক্লান্ত শেষ,

দিবা দ্বিপ্রহর

নিশি-কাজল!

সোল্লাস ঘোর

ঘোষে বিজয়-বাজ

গরজি আজ

দোলে সিং-বি—ক্রীড়ে দোল।

*